
বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:
শিক্ষা সপ্তাহ–২০২৬ উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হিসেবে নির্বাচিত হয়েছেন তেজখালী ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ জামাল হোসেন। দীর্ঘ শিক্ষকতা জীবন, শিক্ষার মানোন্নয়নে অবদান এবং পেশাগত দক্ষতার স্বীকৃতি হিসেবে তাকে এ সম্মাননা প্রদান করা হয়।
মোহাম্মদ জামাল হোসেন ১৯৯৪ সালে রূপসদী বৃন্দাবন উচ্চ বিদ্যালয়ে সহকারী ইংরেজি শিক্ষক হিসেবে শিক্ষকতা জীবন শুরু করেন। সেখানে প্রায় ১৭ বছর দায়িত্ব পালনের পর ২০১০ সালে খাল্লা উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে যোগদান করেন এবং টানা ১৩ বছর সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে ২০২৩ সালে তিনি তেজখালী ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে যোগদান করেন এবং বর্তমানে সেখানেই কর্মরত রয়েছেন।
তিনি ১৯৮৮ সালে সরকারি তিতুমীর কলেজে অধ্যয়নকালে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি)-এর বিমান শাখার ক্যাডেট হিসেবে জাতীয় প্যারেডে অংশগ্রহণ করেন এবং ক্যাডেট কর্পোরাল পদ লাভ করেন। পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে তিনি ২০০৬ সালে ইংরেজি ভাষা প্রশিক্ষণ কর্মসূচি ELTIP (Phase-3)-এ প্রথম স্থান অর্জন করেন।
শিক্ষাক্ষেত্রে উদ্ভাবনী উদ্যোগের অংশ হিসেবে তিনি বৃন্দাবন উচ্চ বিদ্যালয় ও খাল্লা উচ্চ বিদ্যালয়ে ইংরেজি উপস্থাপনা কার্যক্রম চালু করেন, যা বর্তমানে নিয়মিতভাবে চালু রয়েছে। পাশাপাশি তিনি কবিতা আবৃত্তি, বিতর্ক প্রতিযোগিতা ও খেলাধুলাসহ বিভিন্ন সহশিক্ষা কার্যক্রমে প্রশিক্ষক হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।
এ প্রসঙ্গে মোহাম্মদ জামাল হোসেন বলেন, নব্বইয়ের দশকে বিষয়ভিত্তিক যোগ্য ইংরেজি শিক্ষকের সংকট ছিল প্রকট। বর্তমানে বাঞ্ছারামপুর উপজেলার প্রায় সব মাধ্যমিক বিদ্যালয়ে অনার্সসহ যোগ্য ইংরেজি শিক্ষক NTRCA-এর মাধ্যমে নিয়োগপ্রাপ্ত হচ্ছেন, যা শিক্ষার মানোন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখছে। তিনি উপজেলার সব ইংরেজি শিক্ষককে নিয়ে একটি English Language Club গঠনের প্রত্যাশা ব্যক্ত করেন।
তিনি আরও বলেন, পুরস্কার বড় বিষয় নয়; শিক্ষার্থীদের মনে ও জীবনে বেঁচে থাকতে পারাই একজন শিক্ষকের সবচেয়ে বড় গৌরব।

Reporter Name 










